বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব এখন এক রহস্যের নাম। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারার পর সংবাদ সম্মেলনের একেবারে শেষ মুহূর্তে নাজমুল হোসেন শান্ত ঘোষণা দেন, তিনি আর টেস্ট দলের অধিনায়ক থাকছেন না। সেই ঘোষণার পর থেকে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক পদটি শূন্য পড়ে আছে।
এরপর থেকেই ক্রিকেট অঙ্গনে শুরু হয় নানা জল্পনা। কে হচ্ছেন শান্তর উত্তরসূরি? বিসিবির ভেতরে-বাইরে আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত দুটি নাম—মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ওয়ানডে দলের দায়িত্বে থাকা মিরাজকে নিয়েই প্রথমে আলোচনার ঝোঁক ছিল বেশি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও নেতৃত্বের দক্ষতায় লিটন দাস এখন এগিয়ে আছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল উন্নতির পথে। যদিও ওয়ানডে ফরম্যাটে মিরাজের অধীনে প্রত্যাশিত সাফল্য আসেনি, তবুও দুই তরুণ ক্রিকেটারই নেতৃত্বের তালিকায় রয়েছেন। আগামীকাল চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, আর তার আগেই সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব প্রসঙ্গে মুখ খুললেন লিটন।
প্রশ্ন করা হলে লিটনের জবাব ছিল কৌশলী ও সংযত, ‘আসলে এখনই বলা কঠিন। তারা (বিসিবি) যদি মনে করে আমি যোগ্য, অবশ্যই কথা বলবে। একজন ক্রিকেটারের জন্য টেস্টের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় সম্মান। তবে এখন পর্যন্ত কিছুই জানি না।’
দলের পারফরম্যান্স নিয়েও নিজের ভাবনা শেয়ার করেছেন তিনি। লিটনের মতে, বাংলাদেশের ক্রিকেট উন্নতির ধারায় রয়েছে, যদিও ধারাবাহিকতা এখনও বড় চ্যালেঞ্জ, ‘আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম ছিলাম। যদি ঘরের মাঠে দুইটা ম্যাচ জিততাম বা ভারতের বিপক্ষে সেভাবে না হারতাম, তাহলে হয়তো আরও উপরে থাকতে পারতাম। সবসময় চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করলে হবে না, ধাপে ধাপে এগোনোটাই আসল।’
ব্যাটিংয়ের ওঠানামা নিয়েও খুব একটা বিচলিত নন তিনি, ‘কখনো টপ অর্ডার খারাপ করবে, কখনো মিডল অর্ডার। এটা খেলারই অংশ। এক-দুইটা সিরিজে এমনটা হতেই পারে।’
শান্তর বিদায়ের পর বোর্ড এখনো নতুন অধিনায়ক ঘোষণা করেনি। তবে ক্রিকেট মহলে আলোচনা জোরদার-টেস্ট ফরম্যাটে এবার দায়িত্ব লিটনের কাঁধে পড়তে পারে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজও রয়েছেন বিবেচনায়।



