বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কাউন্সিলর তালিকা প্রকাশ হয়েছে। নির্ধারিত সময়ের এক দিন পর মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তালিকাটি প্রকাশ করে। প্রকাশের আগে হঠাৎ করেই সংশোধিত তফসিল ঘোষণা করা হয়, যাতে খসড়া তালিকা প্রকাশের নতুন সময় দেওয়া হয় মঙ্গলবার সন্ধ্যা ৭টা। ফলে আগেই ঘোষণা দেওয়া সময়সীমা অতিক্রম করে মনোনয়ন গ্রহণ ও নাম অন্তর্ভুক্তি নিয়ে বৈধতার প্রশ্ন উঠেছে।
প্রকাশিত খসড়া তালিকায় মোট ১৭৭ জন কাউন্সিলরের নাম রয়েছে। তবে নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এখনো ফাঁকা রাখা হয়েছে। কেন এই ছয় জেলা থেকে কাউন্সিলরের নাম প্রকাশ করা হলো না-এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।
এবারের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন তিন সাবেক অধিনায়ক-বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং সম্প্রতি অবসর নেওয়া তামিম ইকবাল। বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি, ফারুক শেষ মুহূর্তে রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে মনোনয়ন জমা দিয়ে কাউন্সিলর হয়েছেন, আর তামিম প্রতিনিধিত্ব করছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে।
এ ছাড়া সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের একটি বড় অংশও তালিকায় জায়গা পেয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপু, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার আছেন সাবেক অধিনায়ক কোটায়। সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসিবুল হোসেন শান্তসহ অনেকে। নারী ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন আম্পায়ার সাথিরা জাকির জেসি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ভোটার হয়েছেন কোয়াব সভাপতি পদপ্রার্থী সেলিম শাহেদ।
প্রিমিয়ার ডিভিশনের শক্তিশালী ক্লাবগুলোর প্রতিনিধিরাও ভোটার তালিকায় আছেন। আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ, লিজেন্ডস অব রূপগঞ্জ, ধানমন্ডি স্পোর্টস, রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স, পারটেক্স ও শাইনপুকুরসহ ক্লাবগুলো কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছে। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে আছেন নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া সূর্য তরুণ ক্লাবের ফাহিম সিনহা, ইন্দিরা রোড ক্রীড়াচক্রের রফিকুল ইসলাম বাবু এবং রেগুলার স্পোর্টিংয়ের মনজুর আলমও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত।
তবে বিতর্কের জায়গা কম নয়। ক্যাটেগরি–২ থেকে থাকার কথা ৭৬ জন কাউন্সিলরের, কিন্তু রাখা হয়েছে মাত্র ৬১ জনকে। দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তাধীন ১৮ ক্লাবের মধ্যে ১৫টিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় স্বার্থে এবং ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনায় এসব ক্লাবকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু যাদের নাম বাদ পড়েছে, তারা যে আইনি লড়াইয়ে নামবেন, তা নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে।
সবচেয়ে আলোচিত বিষয় সাবেক সভাপতি ফারুক আহমেদের অন্তর্ভুক্তি। তার নাম জমা পড়েছে সোমবার রাত সাড়ে আটটায়—অর্থাৎ তফসিলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর। আনুষ্ঠানিকভাবে সময়সীমা বাড়ানোর ঘোষণা তখনো আসেনি। ফলে তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। একইভাবে বিতর্ক তৈরি করেছে পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর নাম। তিনি একদিকে কাউন্সিলর, অন্যদিকে বিসিবির তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্যও।
এখন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খসড়া তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহণ করা হবে। বৃহস্পতিবার হবে শুনানি। আর শুক্রবার বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
সব বিতর্ক পেরিয়ে ৬ অক্টোবরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। কিন্তু তার আগেই আদালত বা আপিল প্রক্রিয়ায় যদি বড় কোনো রদবদল হয়, তবে নির্বাচনের রূপরেখাই পাল্টে যেতে পারে।
খসড়া তালিকায় উল্লেখযোগ্য নাম-
বিভাগীয় প্রতিনিধি: আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা), আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম), মো. হাসিবুল আলম (রাজশাহী), মো. হাসানুজ্জামান (রংপুর), খান আব্দুর রাজ্জাক (খুলনা), মো. নান্নু মিয়া (বরিশাল), রাহাত শাম্স (সিলেট)।
ক্লাব প্রতিনিধি: নাজমুল আবেদিন ফাহিম (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা), মো. লুৎফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ), শেখ বশির আহমেদ (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), মো. রফিকুল ইসলাম (গাজী গ্রুপ), মো. আনোয়ারুল ইসলাম (অগ্রণী ব্যাংক), তানজিল চৌধুরী (প্রাইম ব্যাংক), ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস), আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স), ইশরাক হোসেন (ব্রাদার্স), আজিজ আর কায়সার টিটো (পারটেক্স), আসিফ রব্বানী (শাইনপুকুর)।
সংস্থা প্রতিনিধি: মো. সানোয়ার হোসেন (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স), দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে: সেলিম শাহেদ, সাথিরা জাকির জেসি।
সাবেক ক্রিকেটার কোটায়: জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখ।
সাবেক অধিনায়ক কোটায়: গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার।
অন্যান্য: কুমিল্লা জেলা থেকে কণ্ঠশিল্পী আসিফ আকবর, টাঙ্গাইল জেলা থেকে ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি।










Discussion about this post