বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আসছে একটানা ব্যস্ততা। এশিয়া কাপ শেষে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে মাঠে নামবে টাইগাররা। সেই সিরিজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের ব্যবধানেই শুরু হবে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ।
এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, মঞ্চ হবে ঢাকার মিরপুর ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (বর্তমান নাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম)।
আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ১৪ অক্টোবর। এর চার দিন পরই ১৮ অক্টোবর শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। মিরপুরে হবে তিনটি ওয়ানডেই, যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। এরপর দুই দল উড়াল দেবে চট্টগ্রামে। সেখানেই গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক ইতিহাসে সাম্প্রতিক সময়ের লড়াই বেশ নাটকীয়। গত সফরে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও কুড়ি ওভারের ক্রিকেটে ক্যারিবীয়দের মাঠেই ঐতিহাসিক হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবার ঘরের মাঠে সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নিয়েই মাঠে নামবে লিটন দাস ও তার সতীর্থরা।
আসন্ন সিরিজ শুধু নিয়মিত দ্বিপাক্ষিক লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় প্রেক্ষাপট। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। তাই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা এই দুটি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির শেষ সুযোগ হিসেবেই দেখছে বাংলাদেশ দল ব্যবস্থাপনা। অক্টোবরে ক্রিকেটপ্রেমীরা টানা আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন ঘরের মাঠে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর
# মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে প্রতিটি ম্যাচ।
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি ১ নভেম্বর
#চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে হবে প্রতিটি ম্যাচ।










Discussion about this post