জীবনের নতুন অধ্যায়ে হাসান মাহমুদ। জাতীয় দলের এই তরুণ পেসার বিয়ে করলেন। পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ে করলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।বুধবার রাতে জীবনের নতুন দ্বিতীয় ইনিংস শুরু হলো তার। লক্ষ্মীপুরের এই পেসারের জীবনসঙ্গীনির পরিচয়টা অবশ্য পাওয়া যায়নি।
ছোট পরিসরে বিয়ে হলেও পরে বড় করে অনুষ্ঠান করবেন হাসান। তখন সেখানে আমন্ত্রিত হবেন জাতীয় দলের ক্রিকেটাররাও। জানা গেছে-বিয়ে উপলক্ষে লক্ষ্মীপুর থেকে হাসানের পরিবারের সদস্যরা ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার মিরপুরের মাঠে দেখা গেলো-এই ক্রিকেটারের বাবাকেঅ
বিয়ে উপলক্ষে ঢাকায় এসে হাসানের বাবা মোহাম্মদ ফারুক মিরপুরের শেরেবাংলায় ছেলের অনুশীলন দেখতে আসেন। দুই নাতিও ছিল সঙ্গে। ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শোনালেন তিনি। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হবে।
হাসান মাহমুদ ২০২০ সালের মার্চে টি-টুয়েন্টি দিয়ে জাতীয় দলের হয়ে পথচলা শুরু করেন। তারপর ওয়ানডেতে অভিষেক হয় ২০২১ সালের জানুয়ারিতে। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসান মাহমুদ তুলেছেন ১৮টি করে উইকেট।



