বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাখল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে নিলামে ছেড়ে দিয়েছে আইপিএলের এ ফ্র্যাঞ্চাইজি। টি-টুয়েন্টি টুর্নামেন্টের সপ্তম আসরে কেকেআরের জার্সিতে নাও দেখা যেতে পারে সাকিবকে।
টুর্নামেন্টটির নিয়মানুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগের আসরের দল থেকে সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখতে পারে। কিন্তু কলকাতা শুধু ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন ও ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে রেখে দেয়। আরও তিনজন ক্রিকেটারকে ধরে রাখতে পারলেও তা করেনি কেকেআর। আইপিএলের আগামী আসরের নিলাম হবে ১২ ফেব্রুয়ারি।
এদিকে দিল্লি ডেয়ারডেভিলস ছেড়ে দিয়েছে বীরেন্দ্র শেবাগ, কেভিন পিটারসেনসহ পুরো দলকেই। এবারের নিলামে ৬০ কোটি রুপিতে নতুনভাবে দল গড়বে তারা।



