ঠিক চ্যাম্পিয়নদের মতোই শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গতবার লিগে রানার্স আপ হয়েই সন্তুষ্ঠ থাকতে হয়েছে। তবে এবার চোখ শিরোপায়। সেই মিশনে বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই অনায়াস জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। তারা অনায়াস জয় তুলেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে আলোক স্বল্পতায় থমকে যাওয়া ম্যাচে ২০ রানে জিতেছে মাশরাফি বিন মর্তুজার দল।
বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সকালটা ছিল রূপগঞ্জের। যদিও খেলার শুরুর কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হলে ম্যাচে ফেরে অগ্রণী ব্যাংক।তবে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৪ ওভারে। যেখানে আজিম নাজির কাজির শতরানে তারা তুলে ২৪৩ রান। জবাব দিতে নেমে দাপটে এগিয়ে যায় রূপগঞ্জ। লিজেন্ডসরা ৩৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৫ রান তুলতেই স্বল্প আলোর জন্য বন্ধ হয়ে যায় খেলা। তখন এগিয়ে থাকায় ম্যাচ জিতে নেয় মাশরাফির দল।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরির দেখা গেলো। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিদেশি ক্রিকেটার আজিম নাজির কাজী খেলেন ১০২ রানের ইনিংস। যদিও তার শতরান বৃথা বানিয়ে দিলেন লিজেন্ডস ক্রিকেটাররা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে অগ্রণী ব্যাংক ৮ উইকেটে ২৪৩ রান করে। জবাবে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে ৩৮.৫ ওভারে ২১৫ রান তুলে নেয়। তারপরই আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস আইনে রূপগঞ্জ জয় পায় ২০ রানে।
এদিন শুরুতে বল হাতে দাপট দেখান মাশরাফি। নতুন বলে টানা ৮ ওভার বোলিং করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পাওয়ার প্লে’র শেষ ওভারে পরপর দুই বলে ফেরান জহুরুল ইসলাম অমি ও মার্শাল আইয়ুবকে। এদিন আজিম প্রায় শেষ পর্যন্ত ক্রিজে থেকে পেয়ে যান সেঞ্চুরি। ১০৫ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ১০২ রান।
বল হাতে লিজেন্ডসদের সেরা বোলার চিরাগ জানি। ডানহাতি পেসার ৩৮ রানে নেন ৩ উইকেট।
এরপরই মুনীম শাহরিয়ারের ৪৩ ও সাব্বির রহমানের ৪৯ রানে জয়ের পথ খুঁজে নেয় রূপগঞ্জ। তারপরই ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি ইরফান শুক্কুর ও চিরাগ জানি এগিয়ে নেন দলকে। ইরফান ৭৭ বলে ৭১ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। ৩৩ বলে ২৯ রান করেন চিরাগ। জয় থেকে রূপগঞ্জ ২৮ রান দূরে থাকতেই আলোক স্বল্পতা দেখা দেয়। যদিও ডাকওয়ার্থ লুইস আইনে এগিয়ে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ।
ব্যাটে-বলে দাপটে ম্যাচেরসেরা চিরাগ জানি।
সংক্ষিপ্ত স্কোর-
অগ্রণী ব্যাংক : ৪৪ ওভারে, ২৪৩/৮
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৩৮.৫ ওভারে, ২১৫/৩
ফল: ডাকওয়ার্থ লুইস ম্যাথডে লিজেন্ডস অব রূপগঞ্জ ২০ রানে জয়ী



