তিনি যে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটারদের একজন-তা নিয়ে সন্দেহ নেই কারো। সেই তামিম ইকবাল এবার পা রাখলেন নতুন এক উচ্চতায়। স্বীকৃত টি-টুয়েন্টিতে নতুন এক মাইলফলকে তিনি।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে তামিম। টি-টুয়েন্টিতে ৪০তম ব্যাটার হিসেবে ৭ হাজার রানে তামিম। ২৪৩ ইনিংসে তামিম গড়েন এই রেকর্ড। দ্রুততম রয়েছেন নবম স্থানে।
শুক্রবার সাগরিকায় ৫ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানে টার্গেটে নেমে এই অর্জন যোগ হয় খুলনা টাইগার্সের ওপেনারের নামের পাশে। চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে চার মেরে ৭ হাজার রান পেরিয়ে যান তামিম।
তামিম এদিন ৩৭ বলে ৪৪ রান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ২০১৬ টি-টুয়েন্টিতে ওমানের বিপক্ষে করেন সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে মোট সেঞ্চুরি ৪টি। ফিফটি ৪৫টি। ৭টি মাত্র আন্তর্জাতিক অঙ্গনে। আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে গতবছর অবসর নিয়েছেন তিনি। ৭৮ ম্যাচে করেন ১৭৫৮ রান।
সাকিব আল হাসান আছেন এরপরই। ৩৫৭ ইনিংসে ৬৫৪৬। মাহমুদউল্লাহ ২৬৫ ইনিংসে ৫৩০১। মুশফিকুর রহিম ২৩০ ইনিংসে ৫১৩০।



