ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিনিয়তই দেশে ধর্ষণ, নির্যাতন ও যৌন হয়রানির মতো ঘটনা ঘটছে। যে কারণে দেশজুড়ে চলছে মানববন্ধন ও প্রতিবাদ। এদিকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বইছে প্রতিবাদের ঝড়। সেখানে এবার প্রতিবাদে যোগ দিলেন সাকিব আল হাসান।
ফেসবুক পেজে মঙ্গলবার দুপুরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।,
মহান মুক্তিযুদ্ধের মতো অধিকার আদায়ের আন্দোলনে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব,‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’
এদিকে সবাইকে এক কাতারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে বলেছেন সাকিব, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’



