সিলেট টেস্টের শেষ দিনে রোমাঞ্চের রসদ জমিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশের সামনে দাঁড় করিয়েছে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য। পঞ্চম দিনের সকালে মাত্র ১০ ওভার ব্যাট করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে রাখার চেষ্টা করেছে সফরকারীরা। তবে শেষ দিনে বাংলাদেশের সামনেও থাকছে ইতিহাস গড়ার সুযোগ।
আজ দিনের খেলা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ ও ২০ রানে অপরাজিত আমির জাঙ্গুকে নিয়ে। আগের দিনের শক্ত অবস্থান থেকে আরও বড় সংগ্রহের প্রত্যাশা ছিল ক্যারিবীয় শিবিরে। কিন্তু দিনের শুরুতেই বাংলাদেশের বোলাররা ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।
দিনের মাত্র পাঁচ বলের মাথায় বিদায় নেন হজ। ১৯৪ বলে ১৭ চার ও এক ছক্কায় ১৪২ রানের দারুণ ইনিংস খেলা এই ব্যাটসম্যানকে ফেরান নাঈম হাসান। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এরপর বাংলাদেশের বোলারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই শামার জোসেফকে ১ রানে ফিরিয়ে দেন নাঈম। মাত্র ২২ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা।
তবে দ্রুত উইকেট হারালেও ইনিংস ঘোষণার আগে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ব্যবধান বাড়িয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৯৩ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে অধিনায়ক রস্টন চেইস ডেকে নেন দুই অপরাজিত ব্যাটসম্যানকে। শেষ ১০ ওভারে ৫৩ রান যোগ করেন ক্যারিবীয়রা। আমির জাঙ্গু ৭৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মাত্র ১১ বলে দুটি ছক্কা ও একটি চারে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন জশুয়া বিশপ।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩৮৬ রান। ফলে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রান তুলে সেই ব্যবধান উল্টে দিয়েছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩৬৮ রানে। বাংলাদেশের সামনে এখন ৭৮ ওভারে ৩৬৯ রান করার চ্যালেঞ্জ।
এই লক্ষ্য যে সহজ নয়, তা বাংলাদেশের টেস্ট ইতিহাসই বলে দেয়। টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২০০৯ সালে, সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। সেবার ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। দুই শতাধিক রান তাড়া করে আর কোনো টেস্ট জয়ের নজির নেই টাইগারদের।
অর্থাৎ সিলেটে জিততে হলে নিজেদের ইতিহাস নতুন করে লিখতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে দিনের বাকি অংশের খেলা। একদিকে বড় লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য জয়ের হাতছানি, অন্যদিকে ক্যারিবীয় বোলারদের সামনে টিকে থাকার লড়াই। বাংলাদেশের ব্যাটসম্যানরা কোন পথ বেছে নেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
ক্যারিবীয়দের সামনে সমীকরণ অবশ্য অনেক সরল-বাংলাদেশের ১০ উইকেট তুলে নিতে পারলেই সিলেট টেস্ট জিতে যাবে তারা। শেষ দিনের এই লড়াইয়ে তাই একদিকে ইতিহাসের হাতছানি, অন্যদিকে জয়ের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ।



