ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনিই বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার। বিশ্বকাপ শুরুর ঠিক আগে হারানো রাজত্ব বুঝে পেয়েছিলেন তিনি। আর বিশ্বকাপে বুঝিয়ে যাচ্ছেন কেন তিনি সেরা। ব্যাটে-বলে সমান তালে এগিয়ে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার টন্টনে সেঞ্চুরির পর কিংবদন্তিদের পাশে নাম লেখালেন তিনি।
দলকে ৭ উইকেটের জয় এনে দিয়ে তিনি ছিলেন অপরাজিত। ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানে হাসিমুখে মাঠ ছাড়েন। এই ইনিংস খেলতে গিয়েই ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক টপকে যান সাকিব। একইসঙ্গে মাহমুদউল্লাহকেও পেছনে ফেলেন
২০১৫ বিশ্বকাপে রিয়াদ করেন টানা দুই সেঞ্চুরি। তিনিই ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্টত্বের এই টুর্নামেন্টে প্রথম শতক করেন দেশের হয়ে। তিনি ৬ ম্যাচ খেলে করেন ৩৬৫ রান। তিনিই ছিলেন বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।
কিন্তু এবারের বিশ্বকাপে ৪ ম্যাচেই সাকিব করলেন ৩৮৪ রান। টপকে গেলেন রিয়াদকে।
এরই পথ ধরে চলতি বিশ্বকাপে টানা ৪ ম্যাচে ফিফটি কিংবা তারচেয়ে বেশি রান করার কীর্তি গড়লেন। সাকিবের আগে এই সাফল্য পেয়েছেন ১৯৮৭ সালের বিশ্বকাপে নভজ্যোত সিং সিধু, ১৯৯৬ সালে শচীন টেন্ডুলকার, ২০০৭ বিশ্বকাপে গ্রায়েম স্মিথ আর ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারা।
টানা দুই বিশ্বকাপ ম্যাচে সেঞ্চুরিতে মাহমুদউল্লাহর পাশে আছেন সাকিব। একই কীর্তি এর আগে গড়েন মার্ক ওয়াহ, রাহুল দ্রাবিড় ও রিকি পন্টিং। টানা চার সেঞ্চুরিতে শীর্ষে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে সাকিব করেছেন ৩৮৪ রান। ২ সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে গড় ১২৮! এবারের বিশ্বকাপে এখন অব্দি সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৪৩ রান করে এরপরই অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।



