গত ৫ ফেব্রুয়ারি বাবা হয়েছেন মুশফিকুর রহীম। তারপর থেকেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তার পরিবারে। তবে যেখানেই যাচ্ছেন একটা প্রশ্নের মুখে বারবারই পড়তে হচ্ছে তাকে, ‘ছেলের নাম কি রাখলেন?’ অবশেষে এনিয়ে মুখ খুললেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলের নাম জানালেন সাবেক এই টেস্ট অধিনায়ক।
ছেলের সঙ্গে তোলা নতুন একটি ছবি ফেসবুকে দিয়েছেন মুশফিক। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন মো. শাহরুজ রহিম মায়ানের (MD. SHAHROZ RAHIM MAYAAN)। মুশফিক-পুত্রের নাম এটিই। একই টাইগার এ উইকেট-রক্ষক ব্যাটসম্যান ছেলের জন্য সবার দোয়া চেয়েছেন।
২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান হয়। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বরে হয় তাদের বিয়ে। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে ডাক্তার দেখানোর জন্য থাইল্যান্ড যান মুশি। তখনই জানা যায় বাবা হচ্ছেন তিনি। চট্টগ্রাম টেস্টে সন্তান জন্ম নেওয়ায় স্ত্রী মন্ডির পাশেই ছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
বলা দরকার, কিফায়াত মন্ডি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রীর ছোটবোন।



