অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের জন্য ঘোষিত দলে ঠিকই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু কাটা গেল অজিদের বিপক্ষে দলে থাকা নাসির হোসেনের নাম। সোমবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
দলে রিয়াদের পাশাপাশি ফিরেছেন রুবেল হোসেন। এই পেস বোলার সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ বছর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে। আর দলে নেই সাকিব আল হাসান। তিনি ছুটি নিয়েছেন। বিসিবি দুই টেস্টের জন্য তার ছুটি মঞ্জুর করেছে। ক্লান্ত সাকিব আপাতত টেস্ট ক্রিকেটের বাইরে থাকবেন।
সফরে পেসারদের সংখ্যাই বেশি। আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশিস রায় ও শফিউল ইসলাম।
মোসাদ্দেক হোসেনকে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকা সফরেও। তবে মুমিনুল হক যাচ্ছেন এই সফরে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন দুজন—তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
আগামী ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে তারা।
টেস্ট সিরিজ-
প্রথম টেস্টঃ ২৮ সেপ্টেম্বর-২ অক্টোবরব।
দ্বিতীয় টেস্টঃ ৬-১০ অক্টোবর।
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল-
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, মুমিনুল হক।



