দুঃস্বপ্নের মতো সময় কাটিয়ে এখন তিনি মুক্ত আলোয় ঘুরে বেড়াচ্ছেন। স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তান জাতীয় দলে ফের জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আমির। এবার জীবনের আরেক ধাপে পা রাখলেন এই তারকা পেসার।
এই পাকিস্তানি তারকা দীর্ঘদিনের প্রেমিকা নার্গিস বিয়ে করে ঘরে তুললেন। গত সোমবার মেহেদি অনুষ্ঠান শেষে মঙ্গলবার রাতে লাহোরে বিয়ে হয়েছে আমির-নার্গিসের। বুধবার হল বিবাহোত্তর সংবর্ধনা।
আমিরের জীবনসঙ্গী ব্রিটিশ-পাকিস্তানি নার্গিস পেশায় একজন অ্যাডভোকেট। গত ছয় বছর আগে দুজনের পরিচয় হয়। এরপর প্রেম। বলা হয়ে থাকে দুই বছর আগে অনেকটা গোপনে বিয়ে তারা বিয়েও নাকি করে ফেলেছিলেন।
বিয়ের পর আমির বলেন, ‘এটি ভালোবাসার বিয়ে। আমাদের দুই হাত এক করতে পেরে উভয় পরিবারই খুশি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জাতীয় দলের হয়ে ১৮ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৩ উইকেট নিয়েছেন আমির। অন্যদিকে ২২টি ওয়ানডেতে ৩৫ এবয় ৩০টি টি-টুয়েন্টিতে ৩৪ উইকেট নেন এই বাঁ-হাতি পেসার। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে ৫ বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আমি।



