খেলা ছেড়ে দেয়ার পর রাজনীতির সঙ্গে বেশ ভাল করেই জড়িয়ে গেলেন পুটবলার আমিনুল হক। তারই ধারাবাহিকতায় সাংগঠনিক একটা স্বীকৃতিও মিলল। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এমন মনোনয়ন পেয়ে দারুণ খুশি সাবেক এই গোলরক্ষক। সংবাদ মাধ্যমকে বলছিলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে বেশি কাজ করার চেষ্টা করবো।’ পাশাপাশি খেলাধুলার উন্নয়নের ভুমিকা রাখার কথাও শোনালেন আমিনুল।
এদিকে আরেক সাবেক তারকা খেলোয়াড়কেও দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে। সহকারী ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক, ঢাকা মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য ও হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। তিনি সবার কাছে দোয়া চেয়ে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।



