এর আগে কখনোই স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। তারওপর এবার তারা মুখোমুখি হয়েছিল শক্তিশালী ঢাকা আবাহনীর। কিন্তু ফাইনালে বাজিমাত। ধানমন্ডির দলটির স্বপ্ন ভেঙ্গে চট্টগ্রাম আবাহনী জিতে নিল স্বাধীনতা কাপের ট্রফি। ফাইনালে ঢাকা আবাহনীকে শনিবার ২-০ গোলে হারিয়েছে বন্দরনগরীর ক্লাবটি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে জেতাতে ফাইনালে একটি করে গোল করেন লিওনেল সেইন্ট ও রুবেল মিয়া।
সেমিফাইনালে ৬-০ গোলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে উড়িয়ে দিলেও শনিবার খুঁজে পাওয়া যায়নি ধানমন্ডির দলটিকে। বরং প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে দেখা গেছে তাদের। এই সুযোগেই ট্রফি জিতে নিল চট্টলার দলটি। ক্লাব ইতিহাসে প্রথম কোন শিরোপা জিতল চট্টগ্রাম আবাহনী।



