সেই আফগানিস্তানকে আবারো হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৮ উইকেটের জয় দিয়ে জুনিয়র টাইগাররা উঠে গেছে ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল আগামী রোববার তারা মুখোমুখি হবে স্বাগতিক ভারতের।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে বুধবার আফগানরা মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায়। সাঈদ সরকার নেন ৬ রানে ৩ উইকেট। ফর্মে থাকা সালেহ আহমেদ তুলে নিয়েছেন ৩২ রানে ৩ উইকেট। মেহেদি হাসান রানার শিকার ২ উইকেট।
বল হাতে ১ উইকেট নেওয়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাটে তুলেন অপরাজিত ৩৭। নাজমুল হোসেন অপরাজিত ৩৮ রানে। তাতেই ২৪.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।



