সময়টা বেশ কেটে যাচ্ছিল সাকিব আল হাসানের। স্ত্রী আর সন্তানকে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন মার্কিন মুল্লুকে। কিন্তু বিপিএল খেলতে দেশে ফিরতে হল তাকে। ফিরেই ক্রিকেট মাঠে, চেনা সেই সাকিব।
রোববার সকালে ঢাকায় পা রাখেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিমানবন্দর থেকেই সরাসরি চলে এসেছিলেন বিপিএলে ম্যাচ খেলতে। টানা বিমান জার্নির ধকল উড়িয়ে দেন রংপুর রাইডার্সের এই তারকা।
দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন সাকিব। তাতেই তিন আসর মিলে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। মোট উইকেট এখন ৩৩টি। এনামুল হক জুনিয়র ২৫ ম্যাচে ৩১ উইকেট নিয়ে আছেন এরপরই।
তবে সেই প্রাপ্তির চেয়েও কন্যার মুখ দেখে আসার তৃপ্তি ছিল সাকিবের চোখে-মুখে। বললেন, ‘মেয়ে পৃথিবীতে আসার সময় বিমানে ছিলাম। এরপর আবুধাবিতে নেমে স্কাইপেতে দেখলাম। সে এক অসাধারন অনুভূতি। যাকে বলে স্পেশাল ফিলিংস।’
বলা দরকার গত ৯ নভেস্বর প্রথম সন্তানের বাবা হয়েছেন সাকিব। এরপর বিসিবি থেকে ছুটি নিয়ে চলে যান যুক্তরাস্ট্রে। সেখানেই জন্ম হয়েছে তার সন্তানের।



