শুরুতে জানা গিয়েছিল এ মাসের ২৯ তারিখে নতুন অতিথি আসবে তাদের ঘরে। কিন্তু সেই অতিথি মানে রাজকন্যা আগেই চলে আসলেন। বাংলাদেশ সময় সোমবার ভোরে কন্যাসন্তানের জন্ম দিলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
নিউইয়র্কের একটি হাসপাতালে পৃথিবীর মুখ দেখল শিশির-সাকিবের প্রথম সন্তান। মা এবং নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
সাকিব অবশ্য সন্তানের মুখ এখনো দেখতে পারেন নি। যুক্তরাস্ট্রের পথে আছেন দেশসেরা অলরাউন্ডার। স্ত্রী হাসপাতালে ভর্তি খবর শুনেই বিসিবি থেকে ছুটি নেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই ছুটি চান বোর্ডের কাছে। রোববার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ৯টা ৫ মিনিটের যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন সাকিব।
এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফর স্থগিত করার পরও ছুটি নিয়ে সাকিব গিয়েছিলেন স্ত্রীর পাশে। সুন্দর কিছু মুহুর্ত কাটিয়ে শিশিরের অনুরোধে ফিরে আসেন। খেলেন প্রথম ওয়ানডে ম্যাচে। তুলে নেন ৫ উইকেট।
কিন্তু পরিবারের দ্বায়িত্বওটা তো পালন করতে হবে। ফের বোর্ড থেকে ছুটি নিয়ে রাতে চলে যাচ্ছেন সাকিব। রাত ৯টায় ফ্লাইট। সন্তানের মুখ দেখে আবারো দেশে ফিরবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।



