পুলিশ চেয়েছিল ৭ দিনের রিমান্ড। কিন্তু শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ক্রিকেটার শাহাদাত হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেন এই আদেশ দেন।
শুনানির জন্য শাহাদাতকে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড দেয়া হয়। এই মামলায় গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী জেসমিন জামান নিত্য। তিনি কারাগারে আছেন।
গত রোববার ঢাকার মালিবাগের একটি বাসা থেকে আটক করা হয় শাহাদাতের স্ত্রী জেসমিন আক্তার নিত্যকে।
এদিকে এখনো হাসপাতালের ওসিসিতে আছে ১১ বছর বয়সী নির্যাতিত গৃহকর্মী হ্যাপি।
গত ৬ সেপ্টেম্বর শাহাদাতের মিরপুরের বাসা থেকে পালিয়ে আসে এই গৃহকর্মী। পরে মামলা হয়।
শিশুটি জানায়, ‘সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতো। প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করতো।
তারপরই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে রাতে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
জানা গেছে অপরাধ প্রমান হলে ১৪ বছরের জেল হতে পারে শাহাদাতের।



