পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রান বন্যার ম্যাচে ব্যাটসম্যানদের দাপটে শেষ পর্যন্ত জয় পেয়েছে পেশোয়ার জালমি। ৪৩২ রানের এই রোমাঞ্চকর লড়াইয়ে রাওয়ালপিন্ডি পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে দলটি। ম্যাচটিতে মুখোমুখি ছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার-পেশোয়ারের শরীফুল ইসলাম এবং রাওয়ালপিন্ডির রিশাদ হোসেন।
লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শুরুতেই দারুণ জুটি গড়েন ইয়াসির খান ও রিজওয়ান। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১২৫ রান, যা দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ইয়াসির ৪৬ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা। রিজওয়ান করেন ৪১ রান। পরে কামরান গুলাম ৩৭ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাওয়ালপিন্ডি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পেশোয়ার জালমি। ওপেনিং জুটিতে বাবর আজম ও মোহাম্মদ হারিস দ্রুত রান তুলতে থাকেন এবং পাওয়ারপ্লেতেই ৬২ রান যোগ করেন। বাবর ৩৯ ও হারিস ৪৭ রান করে আউট হলেও দলের রানের গতি কমেনি।
ম্যাচের শেষ দিকে পেশোয়ারের জয়ের জন্য সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায়-শেষ ছয় ওভারে দরকার ছিল ৮৫ রান। তবে মাইকেল ব্রেসওয়েল ও আবদুল সামাদের ঝড়ো ব্যাটিং সেই কঠিন সমীকরণ সহজ করে দেয়। সামাদ ১১ বলে ৩৩ রান করে আউট হলেও ব্রেসওয়েল ১৭ বলে অপরাজিত ৩৫ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পেশোয়ার।
বাংলাদেশি বোলার রিশাদ হোসেন ৪ ওভারে ৩৫ রান দিয়ে একটি উইকেট নেন। অন্যদিকে নিজের অভিষেক ম্যাচে শরীফুল ইসলাম উইকেট না পেলেও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ৩১ রান দেন তিনি, যা বড় স্কোরের ম্যাচে বিশেষভাবে উল্লেখযোগ্য। পাওয়ারপ্লে ও ডেথ ওভার-দুই সময়েই তিনি দায়িত্বশীল বোলিং করেন এবং দলের জয়ে পরোক্ষ অবদান রাখেন।










Discussion about this post