কিছুতেই কিছু হল না। টেস্টের পর ওয়ানডে, এখানেও সেই ব্যর্থতারই বৃত্তে বন্ধী। রোববার ১০ উইকেটের লজ্জার হারে ওয়ানডে সিরিজ শুরু করেছে মাশরাফি বিন মর্তুজার দল। ব্যাট হাতে এই ম্যাচে একাই লড়েছেন মুশফিকুর রহীম। তার সেঞ্চুরিতেও অবশ্য লড়াই জমেনি। সামনে আরো দুটি ওয়ানডে ম্যাচ। ১৮ অক্টােবর পরের লড়াই। সিরিজে টিকে থাকতে হলে জিততে হবে এই ম্যাচ।
২০০৮ সালের পর ওয়ানডেতে ফের ১০ উইকেটের হারের পরও হাল ছাড়ছে না দল। লাল-সবুজদের ওয়ানডে অধিনায়ক নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত। ঘুরে দাঁড়াতে চান তিনি।
মাশরাফি জানিয়ে রাখলেন, ‘দেখুন প্রথম ওয়ানডেতেতে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি। স্কোরবোর্ডও সে কথাই বলছে। এই উইকেটে ২৭৮ রান নিয়েও জেতা সম্ভব ছিল। যদি আমরা শুরুতে উইকেট নিতে পারতাম। দুই দিক থেকেই আমরা যদি চাপ তৈরি করতে পারতাম, তাহলে হয়তো সম্ভব হতো। এসব উইকেটে যদি দুই পাশ থেকে পার্টনারশিপ বোলিং না করা যায় তাহলে উইকেট পাওয়া খুব কঠিন।’
তবে দলের ব্যাটিং নিয়ে খুশি মাশরাফি। জানালেন, ‘আমরা লড়তে চাইছী। কিন্তু ফল আমাদের পক্ষে আসছে না। মানসিকতা ইতিবাচক রাখার চেষ্টা করছি। মাঠে সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করছি। তবে আজ যে বোলিং করেছি তা হতাশাজনক। যদি ম্যাচের মাঝামাঝি সময়ে ৫-৬ উইকেট নিতে পারতাম, ম্যাচ আমাদের পক্ষেও থাকতে পারত। ব্যাটিং সে তুলনায় আজ ভালো হয়েছে।’এবার ঘুরে দাঁড়াতে চান মাশরাফি। বলেন,‘সত্যি বলতে কী হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখনও দুইটা ম্যাচ আছে। অবশ্যই ভালো করার সুযোগ আছে। এখন কথা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু খেলোয়াড়দেরই এখান থেকে লড়াই করে বের হয়ে আসতে হবে।’
পার্লে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফ্রিকার সঙ্গে লড়বে টাইগাররা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।



