বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে দেখা না গেলেও ক্রিকেটের মাঠ থেকে দূরে নেই সাকিব আল হাসান। বরং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সেই ধারাবাহিকতায় এবার তিনি যোগ দিলেন ইউরোপের নতুন এক টি-টোয়েন্টি প্রতিযোগিতায়।
সুইডেনে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, ড্রাফটের আগেই এই তারকা অলরাউন্ডারকে দলে ভেড়াতে পেরে তারা ভীষণ উচ্ছ্বসিত। পোস্টে সাকিবের একটি স্বতঃস্ফূর্ত ছবি শেয়ার করে তাকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবেও উল্লেখ করা হয়।
আগামী জুনে মাঠে গড়াবে এই প্রতিযোগিতা। ১৫ জুন শুরু হয়ে মাত্র পাঁচ দিনের মধ্যেই ২০ জুন ফাইনালের মাধ্যমে শেষ হবে টুর্নামেন্টটি। স্বল্প সময়ের এই আসরকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক পেসার ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল।
প্রথম আসরে মোট ছয়টি দল অংশ নেবে। সাকিবের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ক্রিকেটারও এই লিগে খেলবেন। ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেল, খ্যারি পিয়েরে এবং নিউজিল্যান্ডের টম ব্রুসের মতো ক্রিকেটারদের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে তার অর্জনগুলোই তাকে আলাদা করে চেনায়। ১৪ হাজারের বেশি রান এবং ৬৫০-এর বেশি উইকেট নেওয়া এই অলরাউন্ডার এক বিশ্বকাপে ৬০০ রান ও ১০ উইকেট নেওয়ার বিরল কীর্তির মালিক। এছাড়া তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হওয়ার ইতিহাসও গড়েছেন তিনি, যা এখনো অপ্রতিদ্বন্দ্বী।










Discussion about this post