নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ করে দেওয়া হয়েছে দলে। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম আব্দুল গাফ্ফার সাকলাইন, যিনি প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেলেন।
আজ মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে নেই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। নিয়মিত এই তিন পেসারকে বিশ্রাম দেওয়ায় বোলিং আক্রমণে বড় পরিবর্তন এসেছে। তাদের জায়গায় নতুন সম্ভাবনাময় ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আলোচনায় ছিলেন ২৮ বছর বয়সী সাকলাইন। পেস বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে নেমে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে আলাদা গুরুত্ব এনে দিয়েছে। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার জাতীয় দলে জায়গা পেলেন এই অলরাউন্ডার।
আরেক নতুন সংযোজন রিপন মণ্ডল। ২৩ বছর বয়সী এই পেসার ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও মূল জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পাচ্ছেন তিনি।
লিটন দাসের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে আরও রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসানকে।
তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ২৭ এপ্রিল এবং দ্বিতীয় ম্যাচ ২৯ এপ্রিল।
প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।










Discussion about this post