ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৯ সালের অক্টোবর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিষিদ্ধ। এরপর লম্বা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। এক বছরের বিরতি শেষে গত মাসেই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দেখা গেছে তাকে। তবে নিজেকে ঠিক মেলে ধরতে পারেন নি সাকিব আল হাসান। চেনা যায়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
সব ঠিক থাকলে এই মাসেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাকে। তবে ফেরার পর লড়াইটা যে সহজ হবে না সেটিও জানিয়ে দিলেন এই তারকা ক্রিকেটার।
রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তেমন কথাই শোনালেন সাকিব। গত ১৫ ডিসেম্বর শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখানে পৌঁছার আগেই অবশ্য শ্বশুরের মৃত্যুর খবর পান। তারপর পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি নিতেই চলে এসেছেন সাকিব। তার আগে সময়টা ভাল কাটছে না। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তিনি ফ্লপ। ৯ ম্যাচ খেলে মাত্র ১১০ রান করেন। উইকেট নিয়েছেন মাত্র ৬টি।
দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন সাকিব জানাচ্ছিলেন, ‘অবশ্যই একটা প্রত্যাশা তো থাকে। নিজের কাছে নিজের আছে, সবার আছে। সেই হিসেবে চেষ্টা করব যেন আগের জায়গাতে থাকতে পারি। তবে সবই বোঝা যাবে যখন খেলাটা শুরু হবে। অবশ্যই সহজ হবে না আমার জন্য। তবে আমি নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব।
সেরা দল নিয়ে আসছে না ওয়েস্ট ইন্ডিজ দল। করোনা সংক্রমণের শঙ্কা থাকায় নিয়মিত ১২ ক্রিকেটার আসছেন না বাংলাদেশ সফরে। তারপরও এই সময়ে সফরের জন্য ক্যারিবিয়ানদের প্রতি কৃতজ্ঞতাও জানালেন সাকিব। তিনি বলেন, ‘যে দুটি দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আমার কাছে মনে হয় আমরা যদি ভালো করতে না পারি, আমাদের জন্য হতাশাজনক হবে। সে জায়গা থেকে আমি আশাবাদী যে আমাদের ভালো করা উচিত। আমি খুশি যে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে। তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, তাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারছে বাংলাদেশ। রোমাঞ্চকর, সব মিলিয়ে!’
সেই রোমাঞ্চ ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়তে চান সাকিব। একইভাবে নিজেও ফিরতে চান চেনা ছন্দে!



