ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
তিনি শুধু ভাল ক্রিকেটারই নন, আর্ত মানুষের পাশেও থাকেন সব সময়। করোনাভাইরাসের সংক্রমণ যখন তুঙ্গে তখনো অসহায় ও ভুক্তভোগীদের পাশে ছিলেন রুবেল হোসেন। এবার জাতীয় দলের এই তারকা ক্রিকেটার শীতার্তদের সাহায্যে হাত বাড়িয়েছেন। এই পেসার ফের আলোচনায়।
এর আগে বাংলাদেশে করোনা প্রকোপ শুরু হলে কাজ হারায় অনেকেই। তখন সাধারণ ছুটির মধ্যে বিপাকে পড়েন দিনমজুররা। সে সময় সেবামূলক কাজে তাদের পাশে ছিলেন রুবেল।
এবার শীতের মৌসুম শুরু থেকেই নিজ এলাকা বাগেরাহটে অসহায় শীতার্তদের পাশে থাকছেন। এরইমধ্যে ১২০০ কম্বল বিতরণ করেন এ ডানহাতি পেসার। বিষয়টি নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন।
রুবেল লিখেছেন, তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম….
করোনাকালীন শুরু থেকে আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। আপনারা জানেন আমাদের দেশে প্রচন্ড শীত পড়েছে। এমন অবস্থায় আমার নিজ এলাকা বাগেরহাটে ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি। শুধু তাই না। আরো নির্দিষ্ট কিছু পরিবার চিহ্নিত করে আমি নিজে থেকে রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেবো। চলতি শীতে আমার এই প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাল্লাহ। আমার এই চেষ্টায় সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম ভাইসহ তার সাথে সকল পুলিশ কর্মকর্তাদের।’



