ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিরাপদ সড়কের দাবিতে উত্তাল এখন গোটা দেশ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন এই আন্দোলন প্রতিদিনই চোখ পড়ছে রাজপথে। রাজধানী থেকে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ছাত্র-ছাত্রীদের আন্দোলন ছুঁয়ে গেছে সাকিব আল হাসানকে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য সবাইকে এখন পড়ার টেবিলে ফিরে যেতে অনুরোধ করলেন।
সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ায় এখন আর রাস্তায় নামার দরকার মনে করছেন না তিনি। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে তেমন কথাই শোনালেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি মিশনে সাকিব আল হাসান এখন রয়েছেন ফ্লোরিডায়। দুর দেশে থেকেও রাখছেন দেশের খবর। মার্কিন যুক্তরাস্ট্র থেখে ছাত্রছাত্রীদের উদ্দেশে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। তার সেই স্ট্যাটাসটি ক্রিকবিডি২৪.কম-এর পাঠকদের জন্য তুলে ধরা হল-
‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুন ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।
তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিল সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।
তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব্যত্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।’



