শেষ ম্যাচ পর্যন্ত সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। স্বল্প পুঁজি নিয়েও বল হাতে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
লর্ডসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে দুই জয় নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছে বাংলাদেশকে।
ছোট লক্ষ্য হলেও শুরু থেকেই দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম বলেই অধিনায়ক লরা উলভার্টকে বোল্ড করে দারুণ সূচনা এনে দেন মারুফা আক্তার। এরপর তাজমিন ব্রিটস ও অ্যানেরি ডার্কসেন কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশ তাদের সহজে হাত খুলে খেলতে দেয়নি। ব্রিটস ২৪ বলে ২০ এবং ডার্কসেন ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন।
ডার্কসেন ও ব্রিটস ফিরে যাওয়ার পর ম্যাচে আবারও ফিরে আসে বাংলাদেশ। মারিজানে ক্যাপও ২১ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। তবে নাদিন ডি ক্লার্কের ১৪ বলে ১৫ রানের ইনিংস এবং চার্লি ট্রায়নের ঠান্ডা মাথার ব্যাটিং শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। সেই দায়িত্ব দেওয়া হয় মারুফা আক্তারকে। কিন্তু প্রথম বলেই চার হজম করেন এই পেসার। পরের বলেই এক রান নিয়ে জয়ের সমীকরণ মেলান চার্লি ট্রায়ন। ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদা আক্তার। ২৪ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। এছাড়া মারুফা আক্তার, রিতু মণি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই মারিজানে ক্যাপের ইয়র্কারে বোল্ড হন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজ নেহারও মাত্র ১ রান করে ফিরলে চাপে পড়ে দল। এরপর সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার ইনিংস গড়ার চেষ্টা করেন। শারমিন ২৯ বলে ২২ এবং সুবহানা ৪৮ বলে সর্বোচ্চ ৪২ রান করলেও তাদের ব্যাটিং ছিল কিছুটা ধীরগতির।
শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২০ বলে অপরাজিত ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। চারটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংসের সুবাদেই লড়াই করার মতো ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। তবে সেই সংগ্রহ নিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়া সম্ভব হয়নি। শেষ ওভার পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েও পরাজয় নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে টাইগ্রেসদের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১১৭/৫ (জুয়ায়রিয়া ০, তাজ ১, সোবহানা ৪২, শারমিন ২২, নিগার ৩২*, স্বর্ণা ৪, রিতু ১*; ক্যাপ ১/৯, শাবনিম ১/১৫, এমলাবা ২/২২)।
দক্ষিণ আফ্রিকা: ১৯.২ ওভারে ১১৮/৬ (ভুলভার্ট ০, ব্রিটস ২০, ডার্কসেন ৪৫, ফন নিকার্ক ৪, ক্যাপ ১৬, ডি ক্লার্ক ১৫, ট্রায়ন ৮*, জাফটা ০*; মারুফা ১/২৩, মেঘলা ১/২৮, রিতু ১/২৪, নাহিদা ২/২৪)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মারিজান ক্যাপ।










Discussion about this post