ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে মিশন শ্রীলঙ্কা। দুই টেস্টের সিরিজ খেলতে সোমবার উড়াল দেবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল থেকে। তার আগে রোববার গণমাধ্যমের মুখোমুখি হলেন অধিনায়ক মুমিনুল হক। সফরের আগে বোলারদের নিয়ে খুশি তিনি। বললেন আরও অনেক প্রসঙ্গ নিয়ে।
পূর্ণ শক্তির দল পেলেন না। নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান
না আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পরে। আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।
প্রস্তুতি কেমন…
মন থেকে যদি বলেন, এখনকার যে পরিস্থিতি। বিগত এক-দেড় বছরের যে পরিস্থিতি… আপনারা ভালোই জানেন আমার চেয়ে। করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। কিন্ত যেভাবে দরকার ওইভাবে আমার মনে হয় আমরা নিতে পারছি। বিশেষ করে যারা ওয়ানডে খেলে ওদের জন্য একটু কঠিন, কিন্তু যারা শুধু টেস্ট খেলে ওরা দুইটা ৪ দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে। যারা প্রতিনিয়ত খেলে ওদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।
আমি বলব না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। একটু আগেই যেটা বললাম যে যারা লাল বলে খেলেছে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে, যারা ৪দিনের ম্যাচ খেলেছে। আমি ৪দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছি। সাদা বলে যারা খেলেছে তারা কিন্তু অনেক দিন ধরে খেলছে আর তারা জানে কিভাবে কি করতে হবে। আর মাঝে মধ্যে মানসিকভাবেও বিষয়গুলো মানিয়ে নিতে হয়। আর তারা হয়তো এটা জানে কিভাবে মানিয়ে নিতে হবে। এটাই মাঝে মাঝে করতে হবে।
সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের পক্ষে না…
এটা নির্ভর করবে আপনি কেমন ফলাফল করছেন। ফলাফল যদি ভালো হয় তাহলে আমি বলতে পারব। আপনি যেটা বলেছেন যে সাকিব ভাই নেই, আমার হয়তো এমনও সিরিজ হতে পারে যেখানে ২-৩জন সিনিয়র ক্রিকেটার থাকবে না। এর মধ্যে যারা খেলবে তাদের জন্য আমি বারবারই কথাটা বলে আসছি, তাদের জন্য ভালো একটা সুযোগ। তাই এই সময়ে যারা খেলবে এটা তো তাদের জন্য ভালো সুযোগ। আমাদের মনে হয় এভাবেই প্রস্তুতি নেয়াটা উত্তম।
জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী….
আপনার কাছে যদি মনে হয় জয় যদি দূরের ব্যাপার হয়, আমি যদি বলি আমার জন্য, আমি যদি ওইভাবে ফুল অ্যাফোর্ট দিয়ে খেলতে পারি। দেখেন ফলাফল পেছনে গিয়ে হয়েছে, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র’ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি।
তরুণরা কি প্রস্তুত?
দেখেন আপনি যখন একজন জুনিয়র নিয়ে খেলবেন সে সব সময়ই আশা করবে একটা ভালো কিছু করার জন্য। দেশের জন্য অবদান রাখার জন্য। ওই অবদানটা রাখার জন্যই সে খেলে। আমার কাছে মনে হয় সে সময় তাকে সমর্থন দেয়া উচিত। আমার কাছে মনে হয় তরুণরা পুরোপুরি রেডি কিন্তু মাঝে মধ্যে ফেইল করে। সে সময় ওদের সমর্থন দেয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বোলারদের প্রসঙ্গে…
এখন যদি প্রশ্নটা আপনাকে ছুঁড়ে দেই… আপনার কি মনে হবে? আসলে নিউজিল্যান্ডে কি হয়েছে না হয়েছে কে বাজে ফিল্ডিং করেছে কে ভালো করেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। দেখেন ওইটা চলে গিয়েছে। আমরা ওইখান থেকে শিক্ষা নিতে পারি। আপনি বোলারদের যে কথাটা বললেন, আপনি যদি সর্বশেষ ৪-৫টা সিরিজ দেখেন আমার কাছে মনে হয় আপনিও আমার সঙ্গে একমত হবেন। পেস বোলাররা খুবই ভালো করছে এমনকি স্পিনাররাও। ওই হিসেবে চিন্তা করলে আমি বোলারদের নিয়ে খুব হ্যাপি।



