নতুন জীবনে পা রাখলেন মুশফিকুর রহীম। রাজধানীতে বিমানবাহিনীর ফ্যালকন হলে বুধবার রাতে হয়ে গেল তার গায়ে হলুদের অনুষ্ঠান। রঙে রঙীন সেই আয়োজনে পরিবার আর কাছের বন্ধুরা ছাড়াও থাকলেন সতীর্থরা। সবাই শুভকামনা জানালেন মুশফিক আর মন্ডিকে। বুধবারের গায়েহলুদের পুরো অনুষ্ঠানটি আয়োজন করছে ওয়েডিং ডায়েরি।
আজ বৃহস্পতিবার রাতে বেইলি রোডের অফিসার্স ক্লাবে হবে বিয়ে। বাজবে সানাই।
এরপর ২৭ সেপ্টেম্বর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে হবে তাদের বৌ-ভাত। সেই অনুষ্ঠানের আমন্ত্রনপত্র ঘুরে ঘুরে বিতরন করেছেন মুশফিকের বাবা-মা মাহবুব হামিদ এবং রহিমা খাতুন। যেখানে লেখা আছে- ‘শুভার্থী, আমাদের পুত্র মুশফিকুর রহিম এর সাথে জান্নাতুল কিফায়াত মন্ডি-কৃষিবিদ ফজলুর রহমান ভুইয়া ও নাজীনন অক্তার জলীর কন্যার সঙ্গে শুভ পরিনয় উপলক্ষ্যে আয়োজিত বধুবরন উৎসবে আপনাকে প্রীতিভোজে আমন্ত্রন জানাই।’ দেশের প্রধানমন্ত্রীসহ অনেক বিশিষ্টজনকে এরইমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন মুশফিক।
হবু স্ত্রী মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়ে হলুদের অনুষ্ঠানে। এরপরই জানা-শোনা। ভাললাগা, প্রেম। তারপর পারিবারিকভাবেই এই সম্পর্ক বিয়েতে গড়াচ্ছে। মুশফিকের হবু স্ত্রী রাজধানীর প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী। মন্ডির বাবা কৃষিবিদ ফজলুর রহমান। মা নাজনীন আক্তার জলী।
নতুন জীবনে অভিনন্দন ক্যাপ্টেন!

















