সবচেয়ে জনপ্রিয় টি-টুয়েন্টি লিগ আইপিএলে এমনিতেই টাকা উড়ে! তাইতো এক টুর্নামেন্ট খেললেই অনেক ক্রিকেটার হয়ে যান কোটিপতি। ব্যাতিক্রম নন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও। গত আসরে ম্যাজিক দেখিয়েছেন কাটার মাস্টার। তারই রেশ ধরে এবার মূল্যটাও বেড়ে গেছে তার। সেরা উদীয়মান ক্রিকেটারটি এবারো খেলছেন তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদে। সেখানে পাচ্ছেন মোটা অংকের অর্থ।
আইপিএলের ওয়েবসাইটে থাকা তথ্যে জানা গেছে- বাংলাদেশের এই তারকার মূল্য ১ কোটি ৪০ লক্ষ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকা! এক টুর্নামেন্টের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা! অবশ্য টুর্নামেন্টে সবগুলো ম্যাচ খেললেই এই অর্থ পাবেন তিনি। ম্যাচ কম খেললে টাকা কাটা যাবে। প্রতি ম্যাচ বাই ম্যাচ টাকা দেওয়া হবে এই কাটার মাস্টারকে।
গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ।আর সেই সাফল্যে বড় ভূমিকা ছিল দ্য ফিজের। এবার অবশ্য ইনজুরির শঙ্কা থাকছে। কিন্তু আইপিএলের দলটি তাকে পেয়ে উন্মুখ হয়ে অাছে!
আগামী ৫ এপ্রিল থেকে ২১ মে চলবে আইপিএলের দশম আসর। তার আগে ২০ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে নিলাম অনুষ্ঠিত হবে।



