টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে দারুণ সময় পার করছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ-পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে নিজের বোলিং বৈচিত্র্য দিয়ে নিয়মিতই ব্যাটারদের বিপাকে ফেলছেন তিনি।
তার কাটার ও স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে পড়ছেন প্রতিপক্ষের ব্যাটাররা, যা আবারও প্রমাণ মিলছে চলমান পিএসএলেও।
আট বছর পর পুরোনো দল লাহোর কালান্দার্সে ফিরে এসে মুস্তাফিজ যেন নতুন রূপে ধরা দিয়েছেন। রানবন্যার এই টুর্নামেন্টে তিনি এখন পর্যন্ত পাঁচের কম ইকোনমিতে বোলিং করে নজর কাড়ছেন। পরিস্থিতি বুঝে বোলিং করার দক্ষতায় ব্যাটারদের পরিকল্পনা ভেঙে দিচ্ছেন তিনি।
তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘কৌশলের ওস্তাদ’, ‘বরফের মতো ঠাণ্ডা’, ‘ডেথ ওভারের বিশেষজ্ঞ’ এবং ‘কাটারের জাদুকর’-এই চার বিশেষণে ভূষিত করেছে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজ। তিনি ৮ ওভার বল করে ৩৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। যদিও উইকেটের সংখ্যা বেশি নয়, তবে তাঁর কার্যকারিতা স্পষ্ট ডট বলের পরিসংখ্যানে। ৪৮ বলের মধ্যে ১৮টিই ডট দিয়েছেন তিনি, যা প্রতিপক্ষের রান তোলার গতি কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ডেথ ওভারে এসে তার নিয়ন্ত্রিত বোলিং আরও ভয়ংকর হয়ে ওঠে। শেষের দিকে দেওয়া ৭টি ডট বলই তার প্রমাণ। উইকেট না পেলেও গুরুত্বপূর্ণ সময়ে রান আটকে দিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে রাখছেন এই পেসার।
২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৬৯ রানের বড় জয় পায় লাহোর কালান্দার্স, যেখানে দলীয় পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এরপর ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে ১২৯ রানের ছোট পুঁজি নিয়েও লড়াই করে লাহোর। সেই ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। তবে শেষ পর্যন্ত বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি যোগ হওয়ায় ম্যাচটি ৪ উইকেটে হেরে যায় দলটি।
লাহোর কালান্দার্স দলে রয়েছেন মুস্তাফিজের জাতীয় দলের সতীর্থ পারভেজ হোসেন ইমনও। যদিও সাধারণত টপ অর্ডারে ব্যাট করেন, এই টুর্নামেন্টে তাকে চার নম্বরে খেলানো হয়েছে। এখন পর্যন্ত দুই ম্যাচে তিনি করেছেন ২৬ রান। দুই ম্যাচ শেষে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাহোর। আট দলের এই প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে মুলতান সুলতানসের।










Discussion about this post