অন্যরকম এক ঈদের অপেক্ষায় এবার জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে থেকেও পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ নেই! কারণ ঈদ উল আজহার একদিন পরই যে টেস্ট ম্যাচ। চট্টগ্রাম টেস্টের জন্য থাকতে হবে ৫ তারকা হোটেলে। ঢাকায় ২০ রানের ঐতিহাসিক জয়ের পর এখন সিরিজ জয়ের ছক একেছেন মুশফিকুর রহীমরা।
সেই লক্ষ্য পূরণ করতেই শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই ফ্লাইটে তাদের সাথে ছেড়ে চট্টগ্রাম যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। সেখানেই সিরিজের ২য় ও শেষ টেস্ট!
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) । প্রথম টেস্টের জয়ী দলটাই থাকছে বন্দরনগরীতে।
জানা গেছে টেস্টের প্রস্তুতির জন্য ঈদের দিন থেকে অনুশীলনে নামবে দুই দল। এদিকে চট্টগ্রামে হোটেলেই ঈদ উদযাপন করবেন ক্রিকেটাররা। ঈদের দিন দুপুর ২টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের অনুশীলন করার কথা আছে।
চট্টগ্রাম তামিম ইকবালের শহর। তিনি অবশ্য প্রিয়জনদের কাছে পাবেন। সতীর্থদের খানিকটা জন্য ঈদে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করছেন জাতীয় দলের এই ওপেনার। তার বাড়িতে মুশফিকদের নিমন্ত্রণের কথাও শোনা যাচ্ছে।



