হারারে টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ভয়াবহ ব্যাটিং ধসে ১৪০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। একসময় ২ উইকেটে ১১৩ রান করা দলটি শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ২৭ রান যোগ করতেই। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটিতে ইনিংস এগোলেও তাদের বিদায়ের পর জিম্বাবুয়ের বোলারদের সামনে আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা।
আজ টেস্টের প্রথম দিনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে মাত্র ২ রান করে আউট হন। নিউম্যান নিয়ামহুরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। তবে আউটের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় জয়কে। বলটি গ্লাভসে লেগেছিল কি না, তা স্পষ্ট না হলেও আম্পায়ার আউট দিলে ডিআরএস না থাকায় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি এই ওপেনার।
জয়ের বিদায়ের পর মুমিনুল হক ইনিংসের হাল ধরেন। সাদমান ইসলাম ২০ রান করে ফিরলেও তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে তোলেন তিনি। ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৮১ বলে ৬০ রান করেন মুমিনুল। অন্য প্রান্তে শান্ত খেলেন ৭৩ বলে ১৯ রানের ইনিংস। তাদের জুটিতে বড় স্কোরের আশা দেখছিল বাংলাদেশ।
কিন্তু মুমিনুল আউট হওয়ার পরই পুরো চিত্র বদলে যায়। দলের ১১৩ রানের মাথায় তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১২৫ রানে শান্ত ফিরে গেলে ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। মুশফিকুর রহিম ৯, তাওহিদ হৃদয় ৩ এবং অমিত হাসান ৪ রান করে সাজঘরে ফেরেন। শীর্ষ চার ব্যাটারের বাইরে আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন নিউম্যান নিয়ামহুরি। তিনি একাই নেন ৪ উইকেট।










Discussion about this post