ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটের ব্যস্ত সূচি দম ফেলার সুযোগও যেন দেয় না।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা শেষ করে বিশ্রামের সুযোগ মিলেনি। ফাইনাল শেষেই উড়াল দিতে হয়েছে নিউজিল্যান্ডে। যেখানে এখন চলছে ওয়ানডে সিরিজ। এরপরই শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বড় একটা সময় পরিবারের মানুষদের ছাড়াই থাকতে হবে তামিম ইকবালকে।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দুটো উৎসবের পরিবারের সঙ্গে থাকতে পারলেন না এই ওপেনার। তবে ভালোবাসা দিবসে মায়ের হাতে উপহার তুলে দিয়েছেন তামিম-পুত্র আরহাম ইকবাল খান।
সন্তানের উপহার পেয়ে দারুণ খুশি তামিম-পত্নী আয়েশা সিদ্দিকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুশির এই মুহূর্তটিকে ভাগাভাগি করলেন। এ সময় ছেলের কাছ থেকে পাওয়া উপহারকে ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ উপহার হিসেবে বর্ননা করলেন তিনি।
ইনস্টাগ্রামে উপহারের ছবি পোস্ট করে আয়েশা লিখেছেন, ‘ভালোবাসা দিবসে পাওয়া সর্বকালের সেরা উপহার। এই ম্যানিকিউর ও পেইন্টিং আমার ছোট্ট ছেলে করে দিয়েছে।’
নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে দল হেরেছে বড় ব্যবধানে। রান পাননি তামিম ইকবালও। শনিবার ভোরে ফের কিউইদের সঙ্গে লড়াই। বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। সিরিজ জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় চাই টাইগারদের!


