ক্রিকেটার হিসেবে তিনি যেমন নন্দিত তেমনি নিন্দিতও। আশার ফুল হয়ে বেড়ে উঠা আশরাফুল ঝরা ফুল! আন্তর্জাতিক ক্রিকেটে এখন নিষিদ্ধ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার নতুন পরিচয় পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি। আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী সোমা এ রহমানের একটি নতুন গানে মডেল হয়েছেন অ্যাশ। নিউইয়র্কের একাধিক লোকেশনে গানটির চিত্রায়ণে অংশ নেন তিনি। রোমান্টিক ধাঁচের সেই গানের শিরোনাম- ‘এই আমি নেই’।
নিজের নতুন এই পরিচয় প্রসঙ্গে আশরাফুল মিডিয়াকে বলছিলেন,- ‘আসলে কণ্ঠশিল্পী সোমার সঙ্গে পরিচয় গানের মাধ্যমে। গান শুনে ভাললাগা। এরপর যখন মডেল হওয়ার অফার পেলাম তখন মিউজিক ভিডিওর গল্পটি আমি শুনতে চাই। পরবর্তীতে গল্পটি ভাল লাগলে রাজি হই আমি।’
কণ্ঠশিল্পী সোমা এ রহমান বলছিলেন, ‘আমার প্রিয় একজন ক্রিকেটার আমার গানে মডেল হিসেবে কাজ করেছেন। এতে আমি দারুণ খুশি।’
শিগগিরই মডেল আশরাফুলকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়।



