বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজকের ম্যাচেই। প্রথম দুই ম্যাচে একপেশে দাপট দেখিয়ে একটি করে জয় তুলে নিয়েছে দুই দল। সিরিজ এখন ১–১ সমতায়। এই পরিস্থিতিতে আজ রোববার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফলে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
পাকিস্তান দলে অবশ্য এসেছে একাধিক পরিবর্তন। আগেই ধারণা করা হচ্ছিল যে দলটিতে পরিবর্তন আসতে পারে। গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এ ছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন এবং পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষেক হচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। পাশাপাশি একাদশে জায়গা পেয়েছেন স্পিনার আবরার আহমেদ।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আজকের ম্যাচে বড় দুশ্চিন্তার নাম বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আন্তর্জাতিক আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য অনুযায়ী ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ, বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রায় ৫২ শতাংশ।
যদিও ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম ছিল। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির আশঙ্কা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় ম্যাচে তার প্রভাব পড়তে পারে বলেই শঙ্কা রয়েছে।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বড় প্রভাব ফেলেছিল। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে লক্ষ্য নির্ধারণ করা হলে শেষ পর্যন্ত ১২৮ রানের বড় জয় পায় পাকিস্তান। তাই সিরিজ নির্ধারণী এই ম্যাচে আবারও বৃষ্টি হানা দিলে ম্যাচের গতিপথ বদলে যেতে পারে।










Discussion about this post