ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক সময় জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার ছিলেন তিনি। ব্যাট হাতে দাপটের কারণে নাম হয়েছিল দ্য ফিনিশার। কিন্তু পথ হারিয়ে নিজেই এখন ফিনিশ হতে বসেছেন। বিশৃঙ্খল জীবনের কারণে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে আছে নাসির হোসেনের। সেই তারকা ক্রিকেটারটি এবার বিয়ে করলেন।
টাঙ্গাইলের মেয়ে তামিমা তাম্মিকে বিয়ে করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির। তার স্ত্রী তামিমা পেশায় বিমানের কেবিন ক্রু। এখন কাজ করছেন সৌদি এয়ারলাইন্সে।
জানা গেছে, সদ্যই রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় হয়েছে নাসিরের বিয়ের আয়োজন। যেখানে পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এরপরই রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্ত্রীর সঙ্গে তিনটি ছবিও পোষ্ট করেন নাসির। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এই আলোচিত ক্রিকেটার।
অবশ্য গেল বছরের শেষদিকে বিয়ের ইঙ্গিত দেন নাসির। তখন সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রেমিকা তাম্মির সঙ্গে ছবি পোস্ট করেন। তখন ফলোয়ার্সদের বাজে মন্তব্যের কারণে কিছুক্ষণ পরই তা সরিয়ে নেন নাসির।
তারপর নাসির গণমাধ্যমে বলেন, ‘মেয়েটিকে বিয়ে করছি আমি। আপনি এটিও বলতে পারেন যে, ও আমার গার্লফ্রেন্ড। আমি বলব, ‘আমি বিয়ে করিনি। যদি আমি বিয়ে করি সবাইকে জানিয়েই করব। আর হ্যাঁ, খুব শিগগিরই আমি বিয়ে করছি। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব।’
সদ্য শেষ হওয়া দুবাইয়ের টি-টেন লিগে একটি দলের অধিনায়ক ছিলেন ২৯ বছর বয়সী নাসির। তবে ফিটনেস ঘাটতি থাকায় অনেক দিন ধরে নেই ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।



