সেই শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গী বিতর্ক। পঞ্চম আসর শুরুর আগেই শুরু হল আরেক নাটক। গর্ভনিং বডির নির্ধারিত শর্ত না মানায় এবার খেলতে দেয়া হবে না বরিশাল বুলসকে। এমনটা জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
বুধবার ঢাকা ক্লাবে তিনি জানান, ‘আজ (গতকাল) বিপিএল নিয়ে একটি সভায় বসেছিলাম আমরা। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্তও নিয়েছি। ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা সেটা বরিশাল বুলস দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বরিশাল বুলস এবারের আসরে অংশ নিতে পারবে না। বিপিএল হবে ৭ দলের।’ এবার যুক্ত হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি সুরমা সিক্সার্স সিলেট। তার আগে থেকেই আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।
বিষয়টি নিয়ে বরিশাল বুলসের মালিক এবং বিসিবির পরিচালক এমএ আউয়াল ভুলু বলেছেন, ‘আমরা বিপিএলে অংশ নিতে চাই। যেই বিষয়টি সামনে এসেছে সেটা দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কিছুদিনের সময় চেয়েছি।’
এদিকে এমন সিদ্ধান্তে দল ছাড়া হয়ে গেলেন আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।আয়োজকরা জানালেন কাটার মাস্টারকে প্লেয়ার ড্রাফটে তোলা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। এবার নতুন আইকন হয়েছিলেন তিনি। আসছে নভেম্বরে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। এর আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।



