আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইএমজি। বিষয়টি আগে থেকেই আলোচনায় থাকলেও সর্বশেষ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, আইএমজিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি। তিনি বলেন, ‘বিপিএলে আইএমজিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ফার্স্ট কিক-অফ মিটিং হয়েছে। আমরা অফিসিয়ালি তাদের দায়িত্ব দিয়েছি, তবে চুক্তি এখনো আলোচনায় আছে।’
চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে বিপিএল আয়োজনের লক্ষ্য নিয়েছে বিসিবি। এ বিষয়ে মিঠু বলেন, ‘আমরা টার্গেট করছি ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, যা পরবর্তী বোর্ডের উপর নির্ভর করবে। তবে প্রস্তুতির কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’
বিপিএলের আগের আসরগুলোর খেলাপকারী দলগুলোর কাছ থেকে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে বলেও জানিয়েছেন মিঠু। তিনি জানান, এ নিয়ে সালিশ প্রক্রিয়া শুরু হয়েছে।
খেলাপকারী তালিকায় রয়েছে মোট ১৮টি দল ও ফ্র্যাঞ্চাইজি, এর মধ্যে আছে-বরিশাল বার্নার্স,চিটাগং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গল, দুরন্ত রাজশাহী,
সিলেট রয়্যালস, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্বার রাজশাহী। এছাড়াও সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের একাধিক ফ্র্যাঞ্চাইজি এবং ডেল্টা স্পোর্টসের বিরুদ্ধেও বকেয়া সংক্রান্ত সালিশ প্রক্রিয়া চলমান।
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারিতে নতুন রূপে বিপিএল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। তবে আয়োজনে নতুন গতি আনলেও পুরনো দলগুলোর আর্থিক জটিলতা সমাধান করাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।










Discussion about this post