ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘ ৭ মাস পর ৩ দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে শেষ হয়েছে। ঐ টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৪৫ জন ক্রিকেটার। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে ৮০ জন ক্রিকেটার নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগ।
আগামী নভেম্বর-ডিসেম্বরে আরও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। টি-টুয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্টে খেলবে ৫ টি দল। জাতির জনকের জন্মশতবার্ষিকী মানে মুজিববর্ষ হওয়ায় এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তবে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
কর্পোরেট লিগ হওয়ার কথা থাকলেও করপোরেট টুর্নামেন্ট হবে নাকি শেষ পর্যন্ত বিসিবি এ টুর্নামেন্ট আয়োজন করবে, তা এখনও নিশ্চিত হয়নি। যে কারণে ৭দিন পিছিয়ে শুরু হতে পারে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। করপোরেট দল চেয়ে মঙ্গলবার বিজ্ঞাপনও দিয়েছে বিসিবি। যদি করপোরেট দলের সংখ্যা কম হয়, তাহলে বাকি দলগুলোর স্পন্সর করবে বিসিবি। অথবা পুরো টুর্নামেন্টই হতে পারে বিসিবির অধীনে।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দল গঠন করা হবে ড্রাফটের ভিত্তিতে। জাতীয় দল, এইচপি, অনুর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের নিয়ে হবে এই ড্রাফট। মোট ১৬ জন করে ৮০ ক্রিকেটার বাছাই করে নিবে ৫টি দল। দল গঠনে প্রতিটি দল সর্বোচ্চ ২ কোটি টাকা ব্যয় করতে পারবে।
আগামী ১৫ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরিকল্পনাতেই কাজ চালিয়ে যাচ্ছে বোর্ড। সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে শুধুমাত্র মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।



