ব্যাট হাতে ৩২ বলে ৫টি বাউন্ডারিতে ৩৫ রান। বল হাতে ৪ ওভারে ৩৬ রানে দুই উইকেট। দলের জয়ে এমন ভূমিকা রেখেও ম্যাচসেরা হলেন না সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) বেঙ্গালুরুর বিপক্ষে সোমবার রাতে হায়দারাবাদের ম্যাচটি নিয়ে সরব ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন সিদ্ধান্তের প্রতিবাদ চলছে।
সাকিবদের ম্যাচ শেষে টাইগার ক্রিকেটার রুবেল হোসেনের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেখে সবাই চমকে উঠেন। সেখানে লেখা ছিল, ‘ভারতীয় দালালরা এসব কি অসভ্যতা শুরু করেছে, গুরুত্বপূর্ণ সময় ব্যাটিংয়ে ৩৬ রান (আসলে ৩৫ রান) এবং বল হাতে বিরাট কোহলির উইকেটসহ ৩৬ রানে ২ উইকেট, অথচ ম্যান অব দ্য ম্যাচ সাকিব ভাইকে দেওয়া হয়নি! এর আগেও তার অবদানে হায়দ্রাবাদ দুইটা ম্যাচ জিতেছিল। এটা কোন ধরনের অসভ্যতা? আমরা কি বাংলাদেশি বলে আমাদের সাথে এমন করা হয়?’
তারপর রুবেল হোসেনের এমন বিদ্বেষমূলক পোস্ট নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এরপর সেই পোস্ট ডিলিট করে লেখা হয়- ‘বর্তমানে বাচ্চাদের হাতে মোবাইল দেয়া খুবই রিস্কি ব্যাপার। ফোন আমার হাতে ছিল না। আমার ছোট ভাগ্নের হাতে ছিল। আর ও আগের পোস্টটা দিয়েছিল।’
যদিও রুবেলের ডিলিট করে দেওয়া পোস্ট নিয়ে সবাই বিস্মিত। স্ক্রীনশট ভাইরাল হয়ে গেছে। জাতীয় দলের ক্রিকেটারের এমন দায়িত্বহীন কান্ডে অনেকেই ক্ষোভ প্রকাশ করলেন।




