চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় কোচ পেতে হন্যে হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত বিদেশী কোচেই চোখ। এরইমধ্যে রিচার্ড পাইবাস সাক্ষাতকার দিয়েছে গত বুধবার। বাংলাদেশের কোচ বাছাইয়ের ‘পরীক্ষা’ দিতে এবার আসবেন ফিল সিমন্স। শনিবার ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও কোচের। তারও আগে বাংলাদেশের সাবেক কোচ পাইবাস মঙ্গলবার রাজধানীতে আসেন। বুধবার বিসিবিকে তার দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন।
এরপরই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, ‘আগামী ৯ তারিখে আসবেন ফিল সিমন্স। তার আগেও একজন আসার কথা। তার নাম এখন বলছি না। কারণ, যেহেতু এখনও তারিখ ঠিক হয়নি, তেমন নিশ্চয়তা এখনও মেলেনি। আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে। এখন দেখা যাক।’
তবে গুঞ্জন আছেন সিমন্সের আগে সাক্ষাৎকার দিতে আসছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ জেফ মার্শ। রোববার বোর্ডসভায় কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। তার আগেই চোচদের সঙ্গড়ে কথা সেরে নিতে চায়।
এই দৌড়ে সিমন্স অনেকটা এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন তিনি। ক্রিকেটকে গুডবাই বলে ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব নেন। ২০০৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত সাফল্যের সঙ্গে কোচিং করান আয়ারল্যান্ডকে। তারপর ওয়েস্ট ইন্ডিজে চলে যান। তার কোচিংয়ে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।



