ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
দীর্ঘ সফরের আগে লম্বা জার্নি! প্রথমে ঢাকা থেকে দুবাই। তারপর মধ্যপ্রাচ্যর শহর থেকে যুক্তরাস্ট্রের নিউইয়র্ক। সেখানে একদিন অবস্থানের পর গোটা দল চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়। সব মিলিয়ে গন্তব্যে পৌঁছতে বাংলাদেশ ক্রিকেট দলের লাগল পুরো দুইদিন। ভিসা জটিলতায় অবশ্য দলের সঙ্গে যেতে পারেন নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আর টিম ম্যানেজার সাব্বির খান। অবশ্য এরইমধ্যে সেই সমস্যা কাটিয়ে ক্যারিবীয় দ্বীপের পথে উড়েছেন এই দু’জন।
এর আগে নিউইয়র্ক দারুণ কিছু সময় কাটিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিখ্যাত টাইম স্কয়ারে প্রানবন্ত সময় কেটেছে অনেকেরই। যারমধ্যে লিটন দাস ফেসবুকে কিছু ছবি শেষয়ার করলেন। যেখানে তার সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকেও দেখা গেল হাসিমুখে। মুশফিকুর রহীমও ভক্তদের সঙ্গে যাত্রা বিরতির সেই সময়ের ছবি ভাগাভাগি করে নিয়েছেন।
২০১৪ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তখন দুই টেস্টেই হেরেছিল টাইগারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা পেয়েছিল। এবার ২৭ ও ২৮ জুন অ্যান্টিগায় একটি দু দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর।
দীর্ঘ সফরে ৪ জুলাই থেকে অ্যান্টিগায় ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট। ১২ জুলাই থেকে জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২২ জুলাই। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ জুলাই। ৩১ জুলাই সেন্ট কিটসের সিরিজের প্রথম টি-টুয়েন্টি । সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, ৪ ও ৫ আগস্ট। তারপরই দেশে ফিরবে টাইগাররা।


