বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সাসেক্সে যোগ দেয়ার আগে ভারত থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান। ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় আসবেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এখন রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
জানা গেছে- বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চতে হবে সাকিবের ছোট বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে।
এবারের আইপিএল অবশ্য দুঃস্বপ্নের মতো হয়ে আছে সাকিবের। গুজরাট লায়ন্সের বিপক্ষে এবারের আইপিএলে খেলার সুযোগ পান সাকিব। সেখানে এক বল খেলার সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১ রান। আবার বল হাতে ৩ ওভারে ৩১ রান দিয়ে কোন উইকেট পাননি।
ডাগআউটে বসেই সময় কাটছে তার। সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে বোনের বিয়েতে হাজির থাকবেন সাকিব। সেদিনই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাত একটায় ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাও এখন দেশে। স্ত্রী অসুস্থতার জন্য সাসেক্স থেকে ফিরে আসেন তিনি। মুস্তাফিজুর রহমান আইপিএলের জন্য ভারতে আছেন। জানা গেছে, মাশরাফি, সাকিব ও মুস্তাফিজ একসঙ্গে ধরবেন ইংল্যান্ডের পথ।



