চমকে যাওয়ার মতো খবর! হঠাৎ করেই বিয়ে করে ফেললেন তাসকিন আহমেদ। অবশ্য গোপনে গোপনে তার পরিবার বিয়ের আয়োজন করছিল অনেক দিন ধরেই। দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফরে থেকে এই পেসার ফিরতেই চট জলদি হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। গত মঙ্গলবার সকালে দেশে ফিরেন আর রাতেই হয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতা।
দেশের মাঠে বিপিএলের ব্যস্ততা শুরু হওয়ার আগেই কবুল বলে ফেললেন এই তরুন ক্রিকেটার। তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তবে তাদের পরিচয় আর প্রেম অনেক দিনের।
বলা হচ্ছে বছরখানেক আগে বাগদান হয় তাদের। ২২ বছর বয়সী তাসকিন খবরটা দক্ষতার সঙ্গে গোপন রেখেছেন।
তাসকিনের আন্তর্জাতিক অভিষেক ২০১৪ সালে। এ পর্যন্ত খেলেছেন ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৭টি টি-টুয়েন্টি। বিয়েতে অবশ্য সতীর্থদের দাওয়াত করেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশির ভাগ খেলোয়াড়ই উপস্থিত হননি। তবে মাশরাফি বিন মুর্তজা তাঁর পরিবারকে নিয়ে যান। রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় সেই আয়োজনে ছিলেন আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালও।
জানা গেছে পরে মহা ধুমধামে বৌভাত করবেন তাসকিন।



