ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়েছে। যদিও আগের মতো থমকে নেই যাপিত জীবন। প্রায় সবকিছুই স্বাভাবিক হতে চলেছে। এরইমধ্যে মাঠে ফিরেছে ক্রিকেট। বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দুটি টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে আসছে বছরের প্রথম মাসেই আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরবে টাইগাররা।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আর এই সিরিজে মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার জানালেন- নিয়ম কানুন মেনে চললে সীমিত সংখ্যক দর্শক মাঠে প্রবেশে অনুমতি দেবেন।
এমনিতে করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ে চলছে বড় টুর্নামেন্ট। প্রথম দিকে মাঠে দর্শক সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এখন অনেক দেশের গ্যালারিতেই দেখা মিলছে দর্শকের। এমন কী
ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে মাঠে দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়ে। এবার বিসিবিও সেই পথেই হাঁটবে বলে ভাবছে।
শুক্রবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল দেখতে এসে তেমনই ইঙ্গিত দিলেন পাপন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সীমিত সংখ্যক দর্শক রাখতে আগ্রহী বিসিবি। যদিও সেটা নির্ভর করবে দর্শকদের স্বাস্থ্যবিধি মানার ওপর।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের যদি এই বিশ্বাসটা আছে দর্শকরা নিয়ম-কানুন মেনে চলবে। তাহলে আমরা কিছু সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেব। কিন্তু এমনও হতে পারে তারা মানছে না (স্বাস্থ্য বিধি), মাস্ক পরছে না, নিরাপদ দূরত্ব বজায় রাখছে না, এরকম পরিস্থিতিতে আমাদের ক্রিকেটে হোক আমরা চাই না।‘
সব ঠিক থাকলে ১০ জানুয়ারি ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ক্যারিবিয়ান ক্রিকেট দল।



