ইনজুরি নামের শক্রুর কাছে আবারো হার মানতে হল তাকে। ক্যারিয়ারে যখন সেরা ফর্মে তখনো চোট মুস্তাফিজুর রহমানকে পাঠিয়েছিল মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকা সফরেও তেমন অভিজ্ঞতা হল এই পেস বোলারের। অ্যাঙ্কেলের চোটে সফরটাই মাঝপথে শেষ হয়ে গেল তার। কিম্বারলিতে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলঅ হয়নি তার। সেই ম্যাচে ১০ উইকেটের লজ্জার হারের পর বাংটাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দুঃসংবাদটি দেন। জানান কাটার মাস্টার ইনজুরিতে।
এরপর টিম ম্যানেজম্যান্ট থেকে জানানো হয় ‘মুস্তাফিজ গোটা সফর থেকেই আউট। মাশরাফি বলেন, ‘আমি যতটুকু জানি, ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ।’ একইসঙ্গে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঠিক একই সুরে কথা বলেন। তিনি ম্যানেজার হিসেবে দলের সঙ্গে রয়েছেন। তার কথা, ‘এখন পর্যন্ত যতটুকু দেখছি, ওয়ানডে সিরিজের পুরোটাই সম্ভবত খেলা হবে না।’
এর আগে ইনজুরিতে পড়ে ৬ মাস ছিলেন মাঠের বাইরে। তারপর ফিরে সেই দুর্দান্ত মুস্তাফিজের দেখা মিলেনি। ব্যর্থ এই সফরেও। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের ১ম টেস্টের ১ম ইনিংসে ২৭ ওভারে ৯৮ রান খরচ করে মাত্র ১ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। সিরিজের ২য় টেস্টে পেসারদের মধ্যে একমাত্র মুস্তাফিজ উইকেট পাননি।
মুস্তাফিজ ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ১৯.৮০ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট। তাকে সিরিজে প্রয়োজন ছিল টাইগারদের। কিন্তু ইনজুরিতে এবার দ্য ফিজ কতোদিন মাঠৈর বাইরে থাকেন তা সময়ই বলে দেবে। চোট কাটিয়ে সেই পুরনো মুস্তাফিজকেই দেখতে চায় তার ভক্তরা।



