ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে সহজ ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটার। তবে হতাশার সেই ইনিংসই শেষ পর্যন্ত রূপ নিয়েছে স্মরণীয় এক অর্জনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন।
প্রথম দিনের খেলা শেষে ৮ রানে অপরাজিত ছিলেন লিটন। আজ দ্বিতীয় দিনে তিনি থামেন ৩৩ রানে। পাকিস্তানের মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের বলে মিড অনের ওপর দিয়ে খেলতে গিয়ে আমাদ বাটের হাতে ধরা পড়েন তিনি। তবে আউট হওয়ার আগেই নিজের নাম লিখিয়ে ফেলেন ইতিহাসে।
এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩১ টেস্টের ৫৫ ইনিংসে লিটনের সংগ্রহ ২০০৯ রান। তার ব্যাটিং গড় ৩৭.২০। এই সময়ে চারটি সেঞ্চুরিও করেছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভরসায় পরিণত হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের। সাবেক এই অধিনায়কের সংগ্রহ ১৮৭৬ রান। ২৬ টেস্টের ৪৮ ইনিংসে তার ব্যাটিং গড় ৪৩.৬২, যা লিটনের চেয়েও বেশি। চারটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। চলমান পাকিস্তান সিরিজেই ২০০০ রানের ক্লাবে প্রবেশ করার সুযোগ রয়েছে মুশফিকের সামনে।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ টেস্টের ৫৭ ইনিংসে তিনি করেছেন ১৬৫৫ রান। তার ব্যাটিং গড় ২৯.৫৫ এবং সেঞ্চুরি রয়েছে পাঁচটি। চতুর্থ স্থানে থাকা মুমিনুল হকের সংগ্রহ ১৫৯৪ রান। ৩২ ম্যাচের ৬১ ইনিংসে তার গড় ২৭.৯৬, সেঞ্চুরি তিনটি।
বাংলাদেশের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩০ টেস্টের ৫৫ ইনিংসে ২৫.৯৬ গড়ে তার রান ১৩২৪।









Discussion about this post