জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারটা ছিল হতাশাজনক। তবে সেই ম্যাচেই রেকর্ড গড়া বোলিং করে ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন পেসার নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থান, ১২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই গতিতারকা।
হারারেতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন নাহিদ। সেই দুর্দান্ত বোলিংয়ে তিনি ভেঙে দেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড। ২০০৫ সালে মাশরাফি বিন মুর্তজা যে রেকর্ড গড়েছিলেন এবং ২০১২ সালে রুবেল হোসেন যা স্পর্শ করেছিলেন, সেটিকেই পেছনে ফেলেন নাহিদ। যদিও তার এই অসাধারণ পারফরম্যান্সও দলকে হার এড়াতে পারেনি। মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে হেরে যায় বাংলাদেশ।
বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেখা গেছে, বোলারদের তালিকায় উন্নতি হয়েছে কেবল নাহিদেরই। বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানে থাকা মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে এখন নবম স্থানে রয়েছেন। ম্যাচে সুযোগ না পাওয়া শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমেছেন। চার ধাপ পিছিয়ে ২৭ নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই উইকেট নেওয়া তাসকিন আহমেদ নিজের অবস্থান ধরে রেখেছেন ২৯ নম্বরে। এছাড়া রিশাদ হোসেন আট ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭৩ নম্বরে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য তেমন সুখবর নেই। তাওহিদ হৃদয় ২০ নম্বর এবং নাজমুল হোসেন শান্ত ৩০ নম্বরে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। তবে তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমেছেন। এছাড়া লিটন দাস এক ধাপ পিছিয়ে ৬১, সৌম্য সরকার পাঁচ ধাপ পিছিয়ে ৭০ এবং মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৭২ নম্বরে অবস্থান করছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের খুব বেশি ইতিবাচক পরিবর্তন নেই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের অনন্য কীর্তির সুবাদে ৩১ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। দলের পরাজয়ের দিনেও আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় প্রাপ্তি তাই বাংলাদেশের এই তরুণ পেসারেরই।









Discussion about this post