সাইনাস সমস্যার কারণে অদম্য কাপে খেলা হয়নি তার। বিশ্রামে থাকার কথা ছিল ঘরোয়া আসরেও। তবে মাঠের টান আর প্রতিযোগিতার আবহ শেষ পর্যন্ত ফিরিয়ে এনেছে তাসকিন আহমেদকে। বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নেমে জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙালেন বাংলাদেশের এই পেস তারকা।
অসুস্থতা থেকে ফেরার প্রক্রিয়া ও নিজের অনুভূতি জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘সর্বপ্রথম আলহামদুলিল্লাহ যে মাঝখানে একটু শরীর অসুস্থ ছিল দেখে কিছুদিন বোলিং অফ ছিল। এজন্য বোলিং ওয়ার্কলোড বাড়িয়ে প্রথম ম্যাচটা না খেলে সেকেন্ড ম্যাচ থেকে খেলা শুরু করেছি। আর অনেকদিন পরে ওডিআই খেলে জিতলাম, বোলিং মোটামুটি ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ। তো ওভারঅল খুব ভালো লাগছে।’
ফেরার ম্যাচেই তিনি ছন্দের ইঙ্গিত দিয়েছেন। গতি, নিয়ন্ত্রণ আর পরিকল্পনায় ছিলেন আত্মবিশ্বাসী। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় জয়ই যেন বেশি তৃপ্তি দিয়েছে তাকে।
বগুড়ার উইকেট ও কন্ডিশন নিয়েও সন্তুষ্ট তাসকিন। তিনি বলেন, ‘বগুড়ার কন্ডিশনটা খুবই দারুণ লেগেছে। উপযুক্ত স্পোর্টিং কন্ডিশন, ব্যাটিং-বোলিং দুটাতেই সুবিধা আছে। যদিও বোলারদের মার্জিন এখানে অনেক শর্ট, যেটা বিদেশের ফ্ল্যাট উইকেটগুলোতে এমন থাকে। তো বগুড়ায় অনেকদিন পরে খেললাম, তো খেলে যেটা মনে হলো যে, এখানে খেললে ব্যাটার বোলার দুজনেরই উন্নতির সুযোগ থাকবে। খুব ভালো কন্ডিশন, আশা করছি সামনে বগুড়া স্টেডিয়ামের আরও উন্নতি হবে।’
ম্যাচে রনির ৬৬ রানের ঝড়ো ইনিংস নিয়েও প্রশংসায় ভাসান সতীর্থকে। তাসকিন বলেন, ‘খুবই আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে আসলে। ম্যাচটা আমাদের একটা পর্যায়ে বল টু বল রান এসে গিয়েছিল এবং আমাদের একটু কাউন্টার অ্যাটাক প্রয়োজন ছিল। ওই সময় আমাদের কোচ রনিকে পাঠায় এবং সে দারুণ ইনিংস খেলে আমাদেরকে একটা দারুণ জয় দিয়েছে। সবমিলিয়ে আমি খুব খুশি।’
ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে আলোচনাও ওঠে। এ বিষয়ে সংযত প্রতিক্রিয়া দেন তাসকিন। তিনি বলেন, ‘না না, সত্যি বলতে দুটা দলেরই কিন্তু আজকে বাঁচা-মরার ম্যাচ ছিল। তাই সবাই জিততে চেয়েছে, খুব সিরিয়াস ছিল। আসলে এখানে তো ডিআরএসও নাই। কিছু সিদ্ধান্ত আসলে আমরা যখন ফিল্ডিং দল মাঠে থাকি, আমাদের কাছে তো সবকিছুই আউট মনে হয়। তো আম্পায়াররা সিদ্ধান্ত দেন এবং মানুষ মাত্রই ভুল। কোনো ছোটখাটো ভুল হতেও পারে, অনেক সময় হয়, হয় না। কিন্তু সবমিলিয়ে তো ঠিকই ছিল, তেমন কিছু মনে হয় না।’










Discussion about this post